Showing posts with label অপরূপ বাগান. Show all posts
Showing posts with label অপরূপ বাগান. Show all posts

Monday, November 1, 2010

অপরূপ বাগান

কবিঃ আবুল হাসান
চলে গেলে-তবু কিছু থাকবে আমার: আমি রেখে যাবো
আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি।
জল নেমে গেলে ডাঙ্গা ধরে রাখে খড়কুটো, শালুকের ফুল:
নদীর প্রবাহপলি, হয়তো জন্মের বীজ, অলঙ্কার-অনড় শামুক!

তুমি নেমে গেলে এই বক্ষতলে সমস্ত কি সত্যিই ফুরোবে?
মুখের ভিতরে এই মলিন দাঁতের পংক্তি-তা হলে এচোখ
মাথার খুলির নীচে নরোম নির্জন এক অবিনাশী ফুল:
আমার আঙ্গুলগুলি, আমার আকাঙ্ক্ষাগুলি, অভিলাষগুলি?

জানি কিছু চিরকাল ভাস্বর উজ্জ্বল থাকে, চির অমলিন!
তুমি চলে গেলে তবু থাকবে আমার তুমি, চিরায়ত তুমি!

অনুপস্থিতি হবে আমার একলা ঘর, আমার বসতি!

ফিরে যাবো সংগোপনে, জানবে না, চিনবে না কেউ;
উঠানে জন্মাবো কিছু হাহাকার, অনিদ্রার গান-

আর লোকে দেখে ভাববে-বিরহবাগান ঐ উঠানে তো বেশ মানিয়েছে!

সমাপ্ত